• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:০৮
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:০৮

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে সরকার প্রধানমন্ত্রী
 

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল আর প্রথাগত সামরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নেই। সশস্ত্র বাহিনী ক্রমেই বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো আধুনিক প্রযুক্তি অর্জন সরকারের পরিকল্পনার অংশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে সকালে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পৃথকভাবে পর্যায়ক্রমে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

সেনাকুঞ্জের ওই আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তারেক রহমান বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখা অপরিহার্য। সশস্ত্র বাহিনীর উন্নয়নে সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক। এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ব্যবস্থা চালু করা হবে। এ সময় দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এ সময় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিষয়গুলো তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন।

এ ছাড়া বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের শেষ অংশগ্রহণ। এ সময় প্রধানমন্ত্রী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

সেনাকুঞ্জের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই সংবর্ধনার আয়োজনে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সরকারের উপদেষ্টা, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সেনাকুঞ্জের ওই আয়োজন ছাড়াও গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রীয় তথা তিন বাহিনীর সমন্বয়ে বিভিন্ন আনুষ্ঠান আয়োজন করা হয়।

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপ্রধান কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। পরে তিনি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। পরে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার সকালে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহিদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রীও সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)।

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। এ সময় সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন। অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠর নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ

আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

সব সেনানিবাস ও ঘাঁটিগুলোতে দিনভর নানা আয়োজন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটিতে নানা আয়োজনের পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নিকটস্থ ঘাটগুলোতে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো শনিবার দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে র‌্যালি করেছে বিএনপি। শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই র‌্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছেন, তাদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করেছে।
রিজভীর নেতৃত্বে র‌্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্যসচিব এস এম জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com