• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

৫৭৭ উইকেটের মালিককে বাদ দিতে চলেছে অস্ট্রেলিয়া

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:১১
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:১১

 

সক্রিয় ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি টেস্ট উইকেট নেই আর কারও। সেই নাথান লায়নকে এবার বাদ দিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থে শুরুর অপেক্ষায় থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে তাকে রাখা হচ্ছে না। এতে তার ক্যারিয়ারই শেষ হওয়ার শঙ্কায় পড়ে গেছে বলে গুঞ্জন উঠেছে।

এই খবর জানিয়েছে ক্রিকইনফো। তাদের একটি প্রতিবেদনে উঠে এসেছে ১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নেওয়া লায়ন দলে থাকছেন না। শনিবার দল ঘোষণা করা হবে।

গত মৌসুমের অ্যাশেজের তৃতীয় টেস্টে অ্যাডিলেডে গুরুতর হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন লায়ন। সেখান থেকে ফেরার পর তিনি ১০ উইকেট নিয়েছেন। তার গড়টাও বেশ মলিন, ৪১.২০!

সম্প্রতি গেবেখায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হয়েছিল। তখন অস্ট্রেলিয়া খেলেছিল শুধু পেসার নিয়ে। পার্থেও নিউজিল্যান্ডের বিপক্ষে একই কম্বিনেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি।

এই নিয়ে আট টেস্টের মধ্যে তৃতীয়বারের মতো লায়ন ফিট থেকেও বাদ পড়েছেন। তার জায়গায় বাড়তি পেসার খেলানো হয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের আগে ২০১৩ সালের পর ফিট থাকা অবস্থায় তিনি কোনো টেস্ট মিস করেননি। তিনবারের মধ্যে গেবেখা ছিল প্রথম লাল বলের টেস্ট। বাকি দুটি ছিল গোলাপি বলের ডে-নাইট ম্যাচ।

গত বছরের অ্যাশেজের পার্থ টেস্টে লায়ন বল করেছিলেন মাত্র দুই ওভার। অথচ অস্ট্রেলিয়ার বড় মাঠগুলোর মধ্যে এই মাঠেই তার গড় সবচেয়ে ভালো। সেখানে তিনি ২৯ উইকেট নিয়েছেন ২১.২০ গড়ে।

কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৬ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের জয় এনে দেন লায়নের প্রতিপক্ষ সাইমন হারমার। ম্যাচে তার মোট উইকেট ১২০ রানে ১০টি। লায়ন সেই ম্যাচে নেন মাত্র চার উইকেট। এরপর প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে প্রশ্ন করা হয়, এক নম্বর স্পিনার হিসেবে লায়নের অবস্থান কি পর্যালোচনা হবে।

ম্যাকডোনাল্ড বলেছিলেন, ‘আমার মনে হয় না, এটা এখন পর্যালোচনার বিষয়। আমরা একটু পিছিয়ে বসে শিল্ড ক্রিকেট দেখব। নাথান পার্থে প্রথম টেস্টের প্রস্তুতি নেবেন।’

সম্প্রতি এসসিজিতে শেফিল্ড শিল্ডের ম্যাচে লায়ন নিয়েছেন চার উইকেট। কুইন্সল্যান্ডের লেগ স্পিনার মিচেল সুইপসন নিয়েছেন ১১ উইকেট। ওই ম্যাচে নিউ সাউথ ওয়েলস কোনোমতে টিকে যায়।

সর্বশেষ রাউন্ডে পার্থ স্টেডিয়ামে শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া মুখোমুখি হয়েছে। ডব্লিউএর অফ স্পিনার কোরি রোকিচিওলি ওই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন। তিনি প্রথম শ্রেণির সেঞ্চুরিও করেছেন। বাঁহাতি স্পিনার ম্যাট কুনেম্যান প্রথম ইনিংসে ৩৭.৫ ওভারে ৮৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

সাত টেস্ট খেলা টড মারফি গত মৌসুমের অ্যাশেজে লায়নের হ্যামস্ট্রিং চোটের পর দলে এসেছিলেন। অ্যাডিলেডে ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচের শেষ দিনে তিনি খেলছেন। এ মৌসুমে তার বোলিং গড় ৪৪-এর বেশি।

এদিকে এসসিজিতে দুর্দান্ত বোলিংয়ে সুইপসন দলে ফেরার জোরালো দাবি তুলেছেন। ২০১৪ সালের স্টিভ ও’কিফের পর তিনিই প্রথম স্পিনার, যিনি এক ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। টেস্ট দলে না থাকলে ৩ থেকে ৭ ডিসেম্বর এসসিজিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের পরের শিল্ড ম্যাচে খেলতে পারবেন লায়ন। তবে ফর্মের যা অবস্থা, সেই ম্যাচেও খেলা হয় কি না, তা নিয়েও সন্দেহ জেগেছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম