শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি মি. জোহান সাথফের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকটি মূলত বাংলাদেশ ও জার্মানির মধ্যকার উন্নয়ন সহযোগিতার ওপর আলোকপাত করে অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ-জার্মান উন্নয়ন সহযোগিতা বিষয়ক জিটুজি (G2G) আলোচনার সাম্প্রতিক সফল সমাপ্তিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।
বৈঠকে জলবায়ু কার্যক্রম, কপ-৩১ (COP31) ও জলবায়ু অর্থায়ন; রোহিঙ্গা সংকট, সংশ্লিষ্ট সম্পদ ঘাটতি, আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) সাম্প্রতিক রায় ও পরবর্তী পদক্ষেপসমূহ; প্রযুক্তি ও জ্ঞান বিনিময়; এবং রপ্তানি ঝুড়িসহ (এক্সপোর্ট বাস্কেট) অর্থনৈতিক বহুমুখীকরণের মতো বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জার্মান প্রতিপক্ষকে অবহিত করেন। এর মধ্যে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ (সৃজনশীল অর্থনীতি) উদ্যোগ, শিক্ষা ও নারী খাতে বর্ধিত বাজেট বরাদ্দ এবং শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কর্মসূচিসহ অন্যান্য বিষয় উল্লেখযোগ্য।
পার্লামেন্টারি সেক্রেটারি সাথফ রোহিঙ্গা ক্যাম্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) পরিদর্শনসহ তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরও কাজ করার ব্যাপারে তার গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।












