প্রযুক্তি দুনিয়ার দুই জায়ান্ট অ্যাপল ও ওপেনএআইয়ের বিরোধ এবার নতুন মাত্রা পেয়েছে। নিজেদের বাণিজ্যিক গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য তৈরিতে বাধা দিতে অ্যাপল বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারীর ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে পাল্টা মামলাটি দায়ের করে ওপেনএআই ও তাদের হার্ডওয়্যার সহযোগী প্রতিষ্ঠান আইও প্রোডাক্টস। এতে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি অ্যাপলের কথিত কর্মকাণ্ড বন্ধে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। মামলাটির বিচার জুরির মাধ্যমে করারও আবেদন জানিয়েছে তারা।
ওপেনএআইয়ের অভিযোগ, প্রতিষ্ঠানটির বাজারে আসেনি এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্রের নকশা, উৎপাদনসংক্রান্ত তথ্য এবং সরবরাহকারীদের বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করেছে অ্যাপল। এ কাজে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মীর ভূমিকা ছিল বলেও দাবি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ওই কর্মী ওপেনএআইয়ে প্রায় ছয় মাস কাজ করার সময় গোপন নথি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠান। পরে তিনি আবার অ্যাপলে যোগ দেন এবং ওপেনএআইয়ের নতুন যন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অ্যাপলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য দিয়েছেন বলে সন্দেহ করছে ওপেনএআই।
পাল্টা মামলায় ওপেনএআই আরও অভিযোগ করেছে, অ্যাপল তাদের সঙ্গে কাজ করা কয়েকটি যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে একটি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের জন্য ধাতব যন্ত্রাংশের কাজ রাতের পালায় সরিয়ে নিতে বাধ্য হয়। অন্য একটি প্রতিষ্ঠান অ্যাপলের হুমকির কারণে পূর্বনির্ধারিত কাজ করতে অস্বীকৃতি জানায় বলে দাবি করেছে ওপেনএআই।
এ ছাড়া অ্যাপলের কর্মীরা ব্যক্তিগত আইক্লাউড ও আইমেসেজ অ্যাকাউন্টে দাপ্তরিক কাজ করতেন বলে অভিযোগ করেছে ওপেনএআই। পরে এসব ব্যক্তিগত যন্ত্র ও অ্যাকাউন্টে থাকা প্রতিষ্ঠানের নথি ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করেছে অ্যাপল— এমন দাবিও করেছে তারা।
চলতি বছরের জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রথম মামলা করে অ্যাপল। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, অ্যাপলের সাবেক দুই কর্মী চ্যাং লিউ ও ট্যাং ইয়ু তান গোপন প্রযুক্তিগত তথ্য ও বাণিজ্যিক নথি নিয়ে ওপেনএআইকে সহায়তা করেছেন। এসব তথ্য ব্যবহার করে ভোক্তাদের জন্য নতুন যন্ত্র তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপলের দাবি, তাদের সাবেক কর্মীদের মাধ্যমে পণ্যের নকশা, উৎপাদনপ্রক্রিয়া ও সরবরাহব্যবস্থার গোপন তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ওপেনএআই এসব অভিযোগ অস্বীকার করেছে।
অ্যাপলের মুখপাত্র পাল্টা মামলাটিকে মূল অভিযোগ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা বলে অভিহিত করেছেন। তার দাবি, অ্যাপলের অপ্রকাশিত পণ্য, প্রযুক্তি ও উৎপাদনপ্রক্রিয়া সম্পর্কে গোপন তথ্য চুরি ও ব্যবহারের বিষয়টি নিয়েই মূল মামলা।
২০২৫ সালের জুলাইয়ে অ্যাপলের সাবেক নকশাপ্রধান জনি আইভের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আইও প্রোডাক্টস অধিগ্রহণ করে ওপেনএআই। এরপর থেকেই ভোক্তাদের জন্য নতুন প্রযুক্তিপণ্য তৈরির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে।













