শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
একদিকে সন্তানের মরদেহ, অন্যদিকে কারাগারের বন্দিদশা, একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন মুহূর্ত আর কী হতে পারে! যে সন্তানকে বুকে আগলে রাখার কথা ছিল, অসুস্থতায় যার পাশে থাকার কথা ছিল, সেই সন্তানকেই শেষবারের মতো দেখতে হলো কারাগারের ফটকে।
বলছিলাম কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মী কথা। তার জীবনে নেমে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা।
তার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা যায় গতকাল শুক্রবার রাতে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তার মরদেহ মাকে দেখাতে নিয়ে যাওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেখানে কারাবন্দী মা শেষবারের মতো সন্তানের মুখ দেখেন।
স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মারা যায় তূর্য। সন্তানের মৃত্যুর পর মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করানোর চেষ্টা করে যাচ্ছিল তার পরিবার। কিন্তু নিরাপত্তার কারণে শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়। শেষ পর্যন্ত কারাফটকেই মা-ছেলের শেষ দেখার ব্যবস্থা করা হয়।
শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু সংবাদমাধ্যমকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে কারাফটকে মা-ছেলের শেষ দেখা হয়েছে। এরপর তারা সেখান থেকে চলে গেছেন।
এর আগে সন্তানের মরদেহ নিয়ে কারাগারে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করে পরিবার। তবে কারা কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাকে বাইরে নেওয়া হলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে প্রায় দুই মিনিটের জন্য এ সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।
শর্মীর সন্তানের মৃত্যুর খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পর তার আগের একটি ভিডিও। সেখানে নিজের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের অসুস্থতার কথা উল্লেখ করে মুক্তির আকুতি জানিয়েছিলেন তিনি।
ভিডিওতে শারমিনকে বলতে শোনা যায়, তার সন্তান অসুস্থ। সারা রাত তাকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া সন্তানের দেখাশোনা করার মতো কেউ নেই।
কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কারণে ডিসেম্বর পর্যন্ত বন্দীদের প্যারোলে মুক্তির ক্ষেত্রে বিশেষ নিরাপত্তাঝুঁকি বিবেচনা করা হচ্ছে। ফলে সন্তানের শেষ বিদায়ে মায়ের উপস্থিতির বদলে কারাফটকে কয়েক মিনিটের সেই সাক্ষাৎই হয়ে রইল মা ও সন্তানের শেষ দেখা।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।












