• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিল ইতালি

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২৯
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২৯

 

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর হার সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার আইন অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এই নতুন শিক্ষা সংস্কার আইন নিয়ে দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। এর পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। চারজন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। এর আগে গত ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদিত হয়। টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ডিক্রিটো স্কুওলা’ নামে পরিচিত এই আইনটি ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ডিক্রি-ল ১৭০-এর অংশ। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের আনা এই সংস্কারের লক্ষ্য হলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্বাভাবিক সূচনা নিশ্চিত করা, জাতীয় পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনা বা পিএনআরআরের উদ্যোগগুলোকে সমর্থন দেওয়া এবং বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা।

নতুন নিয়মের ফলে স্কুল ও শ্রেণিকক্ষে মুসলিম নারী শিক্ষার্থীদের বোরখা ও নিকাব পরা নিষিদ্ধ হবে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এবং শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে জরিমানা পরিশোধের দায়িত্ব তার বাবা-মা বা আইনগত অভিভাবকের ওপর বর্তাবে।

এ ছাড়া শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর অনুপাত ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান রাখা হলেও যারা ইতোমধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। যেসব বিদেশি শিশুর শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নিতে সমস্যা হয়, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষার কোর্স চালুর ব্যবস্থাও রাখা হয়েছে এই আইনে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই পদক্ষেপকে নারী-পুরুষের সমতা ও অন্তর্ভুক্তির সহায়ক সাধারণ কাণ্ডজ্ঞানসম্পন্ন ব্যবস্থা হিসেবে তুলে ধরেছেন। শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারাও বলেছেন, প্রকৃত অন্তর্ভুক্তির স্বার্থেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

তবে বিরোধী দলগুলো এই আইনের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এই আইন মুসলিম শিক্ষার্থী ও বিদেশি পরিবারগুলোর বিরুদ্ধে বৈষম্য উসকে দেবে। শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করবে। ভোটাভুটির সময় বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্ট কক্ষে ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানান, যেখানে লেখা ছিল— ‘স্কুলে কেউ বিদেশি নয়’।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম