• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২৩
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২৩

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে ইসি।

কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনের এই সংলাপে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক আরও জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা ছিল। তবে দলগুলো পরবর্তী সময়ে সংলাপে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছে।

তিন দিনের এই সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। ওইদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি।

ইসির সংলাপের শেষ পর্ব আগামী ১ ডিসেম্বর। সেদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন।

এদিকে ইসির ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে ২১ জানুয়ারি প্রথম ধাপে এক হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম