• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২৯
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২৯

 

উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার (২৯ নভেম্বর) সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রিতে। তাপমাত্রার এই আকস্মিক পতনে ভোর ও রাতে বেড়েছে কনকনে ঠান্ডার অনুভূতি।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা বাড়তে থাকে। রাতভর কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালে সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি ফিরলেও বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আবারও বাড়তে থাকে ঠান্ডা। উত্তরের হিমেল বাতাসে বিপাকে পড়ছেন বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বিভিন্ন কক্ষে জায়গার সংকুলান হচ্ছে না। ফলে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় অবস্থান করতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম