ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার যন্ত্রপাতি ক্রয়, গোয়েন্দা নজরদারির নামে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণের প্রতিবাদ, মিথ্যা মামলায় গ্রেপ্তার রাজবন্দিদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।
বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠেয় এ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনের জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, মালেক ফরাজী, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, তারেক রহমান, ফাতেমা তাসনিম, সদস্য শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ।












