বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে। আজকে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ ট্যাক্স, উচ্চ বিলের মাধ্যমে টাকা লুট করা হচ্ছে। আর এ টাকা ভোট চোরদের কাছে যাচ্ছে। তারা ১০ হাজার কোটি টাকার কাজ ৩০ হাজার কোটি টাকা করে লুট করে নিয়ে যাচ্ছে।’
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ১০ দফাসহ বিদ্যুৎ-এর মূল্য কমানোর দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আমির খসরু বলেন, ‘বিদেশ গমন, বিভিন্ন প্রকল্পের নামে জনগণের টাকা চুরি হচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই লুটপাট আগামীতে আর করতে দেওয়া হবে না। এখন দুবাই, কানাডা, লন্ডনে তাদের সম্পত্তি প্রকাশ পাচ্ছে। সব কিছুর বিচার হবে।’
তিনি বলেন, ‘নেতাদের গ্রেপ্তার করে. অত্যাচার করে আন্দোলন দমানোর সুযোগ নেই। আজকে আন্দোলন বাংলাদেশের জনগণের হাতে চলে গেছে। আগামী যে আন্দোলনের কর্মসূচি আসবে তাতে এ সরকার বিদায় নিতে বাধ্য হবে।’












