• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ১০:২৫
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ১০:২৫

 

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বুধবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুতের পর আবারও গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। এবার গ্যাসের মূল্য প্রায় তিনগুণ বৃদ্ধি, সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকার বিদ্যুতের পর গ্যাসের মূল্যবৃদ্ধি করে চরম দুর্ভোগে থাকা জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, গণবিরোধী সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভুলনীতির কারণে এমনিতেই জনগণ চরম দুঃসময় অতিক্রম করছে। এর মধ্যে গত চারদিন আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি পর এখন বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র কুটির শিল্প, বিদ্যুৎকেন্দ্র এমনকি হোটেল-রেস্তোরাঁ খাতে গ্যাসের মূল্য দু-তিনগুণ বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য, বিদ্যুৎ ও খাদ্যের দাম আবারও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফা গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সবকিছুতেই এর প্রভাব পড়বে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এমনিতেই গ্যাসের সংকট চরমে, কলকারখানা এমনকি বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই, গ্যাস সংকটে বাসাবাড়ির চুলা জ্বলছেই না, কলকারখানার উৎপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্পকারখানা ঝুঁকির মধ্যে পড়বে, জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, সরকার নির্বাচিত নয় বলে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। জনগণের পকেট কাটতে ও একটি গোষ্ঠীকে সুবিধা দিতে অবৈধ সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। সরকারের দুঃশাসন, দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না, ব্যবসা-বাণিজ্যে চরম অস্থিরতা ও হতাশা বিরাজ করছে।

ফখরুল বলেন, জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট। দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, বিচারবিভাগে স্বাধীনতা নেই, নেই রাজনৈতিক অধিকারও। প্রতিবাদ করলেই নামে নির্যাতনের খড়গ। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দলীয় লোকদের সিন্ডিকেটের কারণে ১৪ বছর ধরেই সব জিনিসের দাম বেড়েছে কয়েকগুণের বেশি। বর্তমানে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা, মানুষের বেঁচে থাকাই এখন দায়। এ অবস্থায় আবারও বিদ্যুতের পর গ্যাসের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে, যা মড়ার ওপর খাঁড়ার ঘা।

বিএনপি মহাসচিব অবিলম্বে সরকারকে গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম