পর্দার অন্তরালসহ কোনো পর্যায়েই সরকারের সঙ্গে সংলাপ হচ্ছে না বলে দাবি করেছে বিএনপি। দলটির দাবি, বিএনপি মহাসচিবসহ কোনো নেতাই সরকারের কোনো পর্যায়ের নেতার সঙ্গে আলোচনায় বসেননি। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়। সেখানে গত শুক্রবার দৈনিক কালবেলায় প্রকাশিত ‘পর্দার অন্তরালে চলছে সংলাপ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। ২০১৪ ও ২০১৮-এর নির্বাচনে প্রমাণিত হয়েছে, এ সরকারের অধীনে আগামীতেও জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হতে পারবে না। সেজন্যই আমরা বিরোধী দল সম্মিলিতভাবে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছি এবং এ দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলনে আছি। এরই মধ্যে রাজপথে ১৭ নেতাকর্মী পুলিশের গুলিতে শহীদ হয়েছেন।

