আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সাথে জনগণ নেই বলে ক্ষমতায় আসার জন্য বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে। বিকল্প পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের সেই আশা নিরাশাই থেকে যাবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পালাবদলের কোন সুযোগ নেই।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণআজাদী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবিরোধী অপশক্তিদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহবায়ক ডা. অসিত বরন রায় প্রমুখ।












