• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীকে আপ্যায়নে থাকছে হাওরের ২৩ পদের মাছ খাবারের আয়োজন চলছে

প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৬
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৬

প্রধানমন্ত্রীকে আপ্যায়নে থাকছে হাওরের ২৩ পদের মাছ খাবারের আয়োজন চলছে

কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের গ্রামের বাড়িতে আজ মঙ্গলবার অতিথি হয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীর আপ্যায়নে থাকছে হাওরের মিঠাপানির ২৩ জাতের মাছ আর অষ্টগ্রামের বিখ্যাত পনির।

এ ছাড়াও সঙ্গে থাকবে মুরগি, হাঁস, খাসি ও গরুর মাংস এবং নানা জাতের পিঠা। রাষ্ট্রপতির বড় ছেলে স্থানীয় সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, বড় মাছের মধ্যে থাকবে আইড়, রুই, কাতলা, বোয়াল, চিতল ইত্যাদি। বঙ্গভবনের বাবুর্চি ও পরিবারের নারীরা মিলে খাবারের আয়োজন করছেন। প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে স্বাগত জানাতে এক দিন আগেই গতকাল সোমবার বিকেলে মিঠামইন পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সঙ্গে আছেন তার স্ত্রী রাশিদা হামিদসহ পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসে পৌঁছান। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে সেনানিবাসের উদ্বোধন ও পতাকা উত্তোলন করেন। এরপর তিনি রাষ্ট্রপতির কামালপুরের গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন সফরসঙ্গীকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মিঠামইনে সুধী সমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে দূরদূরান্ত থেকে নেতাকর্মীরা রাত থেকেই আসতে শুরু করেছেন।