সাতদিন বয়সী নবজাতককে অপহরণ করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার শিশুটিকেও।
শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এলিট ফোর্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘৩ মার্চ রাতে র্যাব-৪ এর একটি দল যশোর জেলার অভয়নগর থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মো. রুবেল শেখ (৩৫) ও তার স্ত্রী তানিয়া আফরোজকে (২৩) গ্রেফতার করে। আর নবজাতক শিশুটিকেও উদ্ধার করা হয়।’
খন্দকার আল মঈন বলেন, ‘ঢাকা জেলার ধামরাই থানার ঢুলিভিটা এলাকার বাসিন্দা মিলি আক্তার। তিনি কাজের লোক হিসেবে অন্যের বাসায় কাজ করেন। গর্ভাবস্থায় তার স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। এরই মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন মিলি। তার অসুস্থতার সময়ে গত দেড়-দুই মাস ধরে পরিচিত রুবেল ও তানিয়া আফরোজা নামের এক দম্পতি নিয়মিত খোঁজ-খবর ও নানা সহযোগিতার হাত বাড়ায়। এই শখ্যতার ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে রুবেল ও তার স্ত্রী তানিয়ার কাছে নিজ সন্তানকে রেখে ওষুধ আনতে বাইরে যান মিলি। এই সুযোগে শিশুটিক নিয়ে পালিয়ে যায় রুবেল ও তানিয়া। এরপর এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অন্যথায় নদীতে ফেলে নবজাতকটিকে হত্যার হুমকিও দেয়।’
র্যাবের এই কর্মকর্তা জানান, এক পর্যায়ে, মিলি নিজ সন্তানকে ফিরে পেতে র্যাব-৪ এর সহায়তা চেয়ে অভিযোগ দাখিল করেন। এরই ধারাবাহিকতায় রুবেল-তানিয়াকে গ্রেফতার করা হয়।












