• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্রের ওপর আঘাতকারীদের প্রতিহত করা হবে: নাছিম

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ১০:৩৪
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ১০:৩৪

966625874 3

গণতন্ত্রের ওপর আঘাতকারীদের প্রতিহত করা হবে: নাছিম

দেশের মর্যাদা রক্ষার জন্য গণতন্ত্রের ওপর আঘাতকারীদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেছেন, দেশ ও দেশের বাইরে সব সংকট কাটিয়ে ওঠার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাঙালি জাতিসত্তার ওপর আঘাত হানে, দেশের উন্নয়ন-অগ্রগতি রোধ করতে চায় এবং জনগণের বিপক্ষে অবস্থান নেয় তাদের প্রতিহত করা হবে। গণতন্ত্রের ওপর কোনো আঘাত আমরা মেনে নেবো না।।

রোববার (২ এপ্রিল) বিকেলে পবিত্র রমজান মাস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে উপহারের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের নেত্রী গণমানুষের নেত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে, দেশের উন্নয়ন ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের নিরঙ্কুশ সমর্থনে শেখ হাসিনা টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হবেন। সংবাদমাধ্যমটি আরও বলেছে, শেখ হাসিনার জনপ্রিয়তার সঙ্গে কারও তুলনা হয় না। তিনি দেশের জন্য যেভাবে কাজ করছেন এবং যেভাবে সব দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলা করেছেন, তা নজিরবিহীন।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ও কিছু ব্যক্তি কখনো দেশের ভালো দেখতে পারে না। তারা কখনো কখনো গণমাধ্যমকে ব্যবহার করে ষড়যন্ত্র করে। গণমাধ্যমকর্মীরা আমাদের বন্ধু। গণমাধ্যমের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও গণকল্যাণমুখী। দেশের বড় বড় কাজগুলো শেখ হাসিনার মাধ্যমে হয়েছে, এটি বলতে যাদের লজ্জা লাগে তারাই ষড়যন্ত্রকারী।

তিনি বলেন, আমাদের ইতিহাস রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের সবচেয়ে বড় অর্জন আমাদের স্বাধীনতা। স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে নিয়েই ‘অপপ্রচার ও মিথ্যাচার’ করা হয়েছে। একটি গণমাধ্যম একজন শিশুর ছবি ব্যবহার করে মিথ্যাচার করেছে। সত্য সংবাদ হলে আমাদের আপত্তি ছিল না। তারা মিথ্যাচারের মাধ্যমে বিশ্ব দরবারে আমাদের ছোট করার অপচেষ্টা করেছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, কুচক্রী মহল বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার কাছে এখনো মিথ্যা সংবাদ পরিবেশন করছে। তারা বলে বাংলাদেশে নাকি মানুষের কথা বলার অধিকার নেই। মানুষের পক্ষে কথা বলায় নাকি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। কোনো একজন ব্যক্তি ও তার সহযোগীরা মিথ্যা সংবাদ পরিবেশন করার কারণে মামলা হয়েছে। মামলার পর অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। সেই শিশু নিজে বলেছে তাকে ১০ টাকা উৎকোচ দিয়ে ছবি তোলানো হয়েছে এবং সংবাদের উদ্ধৃত অংশটুকু তার কথা নয়। শিশুর বাবা-মা বলেছেন, অনুমতি না নিয়ে তাদের শিশুকে দিয়ে মিথ্যাচার করানো হয়েছে। এমন মিথ্যাচার অতীতেও হয়েছে। এগুলো করার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।

তিনি বলেন, রমজানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতা বাদ দিয়ে মানুষকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুর্যোগের সময়ও আমরা মানুষের পাশে থাকি। মানুষকে নিয়েই আমাদের রাজনীতি। এটাই আমাদের শিক্ষা। এটাই জাতির পিতার আদর্শ। জাতির পিতার আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময় কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম বক্তব্য দেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে পাঁচ শতাধিক ব্যক্তিকে উপহারের খাদ্যসামগ্রী দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com