• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তদন্তের নামে টালবাহানা না করে প্রকৃত ঘটনা উদঘাটন করুন: গণফোরাম

প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৭:২৫
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৭:২৫

তদন্তের নামে টালবাহানা না করে প্রকৃত ঘটনা উদঘাটন করুন: গণফোরাম

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণ সঠিকভাবে খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম।

আজ বুধবার বেলা ১২টার দিকে বঙ্গবাজার অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

এসময় মোস্তফা মোহসীন মন্টু বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই। অবিলম্বে সরকারকে বলবো সঠিক তদন্ত করুন এবং ক্ষতিগ্রস্তদের অনতিবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। এক সপ্তাহের মধ্যে এখানে ব্যবসার পরিবেশ সৃষ্টি করুন, যাতে বঙ্গবাজারের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারে। তদন্তের নামে টালবাহানা না করে প্রকৃত ঘটনা উদঘাটন করুন।

সুব্রত চৌধুরী বলেন, উন্নয়নের বহু গল্প শোনানো হয় কিন্তু দুর্ঘটনায় জনগণের জানমালের নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি কৃর্তত্ববাদী আওয়ামী লীগ সরকার। জনগণ নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তামাশা বন্ধ করে সঠিকভাবে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করুন এবং প্রত্যেক ব্যবসায়ীকে দ্রুত যথাযথ ক্ষতিপূরণ দিন।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু।