আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাদের ভোট দেয়। সেটা হচ্ছে বাস্তব কথা। কাজেই এখানে আমাদের ভোট চুরি করাও লাগে না, ভোট কোনো কিছু করাও লাগে না।’
গণভবনে বুধবার (১২ এপ্রিল) আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণের সেবা করে জনগণের আস্থা অর্জন করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ কিন্তু অন্যভাবে কখনো ক্ষমতায় আসে নাই। সব সময় ভোটের মাধ্যমে এসেছে।’
শেখ হাসিনা বলেন, ‘অনেক চক্রান্ত, ষড়যন্ত্র হবে। জাতীয় ও আন্তর্জাতিকভাবেও হবে। কারণ, একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক অনেকে তো এটা চায় না। কাজেই তারা তাদের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে।’
সরকারপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশের যে অগ্রযাত্রা এটা যেন অব্যাহত থাকে, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যারা (বিএনপি) এখন মাইক লাগিয়ে সারা দিন বসে কথা বলে সত্য-মিথ্যা দিয়ে। তাদের তো ক্ষমতায় আসাই হচ্ছে বন্দুকের নলে। অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। এ জন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করে।’
২০০৮-এর নির্বাচনে বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সে নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারে নাই। তাদের অবস্থান তো সেখানেই নির্দিষ্ট। তারপরও আমরা দেশে উন্নয়নের কাজ করেই দেশকে এত উন্নতি করতে পেরেছি। আজকে আমরা এটাই শুকরিয়া আদায় করি।’













