• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুগপৎ আন্দোলন : গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে আমীর খসরু

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৩:১৬
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৩:১৬

যুগপৎ আন্দোলন : গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে আমীর খসরু

সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলন সুশৃঙ্খলভাবে পরিচালনা ও কর্মসূচি প্রণয়নে শরিক জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সাময়িকভাবে দায়িত্ব দিয়েছে বিএনপি। তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর পরিবর্তে দায়িত্ব পালন করবেন। বিএনপির স্থায়ী কমিটি ও যুগপতের লিয়াজোঁ কমিটির এ সদস্য চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে বিদেশে রয়েছেন। দেশে ফিরলে টুকুই আবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে মঞ্চ ও বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু কালবেলাকে বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সাময়িক দায়িত্ব দিয়েছে বিএনপি। উনি দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রথম ও সৌজন্যমূলক বৈঠক। বৈঠকে যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকটি স্বল্প সময়ের হওয়ায় আলোচনা বেশিদূর এগোয়নি। ঈদের পর পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গত ২৬ ডিসেম্বর ৭ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করে বিএনপি। এদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল গণতন্ত্র মঞ্চের সঙ্গে লিয়াজোঁ করেন। আর বাকি নেতারা শরিক অন্য দল ও জোটের সঙ্গে সমন্বয় করে থাকেন।