• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ৯:১৯
আপডেট: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ৯:১৯

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। আসরের ফাইনাল রাউন্ডের শেষ দিনে রোববার (২৩ এপ্রিল) রাতে ইকুয়েডরের অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আলবিসেলেস্তেদের ৩-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ব্রাজিল যুবাদের এই জয়ের ফলে সব কটি ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওঠে আসে নেইমার-ভিনিসিয়াসদের উত্তরসূরীরা। তবে আর্জেন্টিনাকে হারানোর পরও ট্রফি নিয়ে উদযাপন করতে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। কারণ, স্বাগতিক ইকুয়েডর যদি পরের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে জয় পেত, তবে কপাল পুড়তো ব্রাজিলের। অবশ্য সেটি হয়নি আর। ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করায় স্বপ্নভঙ্গ হয়েছে ইকুয়েডরের।

ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রিকুয়েলমে আর দুদুর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। এরপর আর্জেন্টিনার এচভেরি আর গিমেনেজ নাটকীয়ভাবে সমতায় ফেরান দলকে। তবে ৬০ মিনিটে দা মাতার গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।

এবারের আসরে ব্রাজিল অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে জয় তাদের এনে দিয়েছে মূল্যবান ১৩ পয়েন্ট। সবমিলিয়ে তারা শীর্ষে থেকে ট্রফি হাতে নিয়েছে। আর ১১ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আর্জেন্টিনা।

উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপের সেরা চার দল- ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।