খুলনার ডুমুরিয়ায় নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ডুমুরিয়া থানায় একটি নাশকতা মামলায় বিএনপির ১৭ জন নেতাকর্মী হাজিরা দিতে যান। জামিন শুনানি শেষে আদালত ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান বাদী হয়ে এ মামলা করেন।












