• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফরিদপুরে ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা, গাড়ি ভাঙচুর

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:০৪
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৮:০৪

96666326

ফরিদপুরে ইউএনওর ওপর এলাকাবাসীর হামলা, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরীর ওপর এলাকাবাসীর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউএনওসহ সাতজন আহত হয়েছেন।

উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে দ্বন্দ্বে ইউএনওর ওপর হামলা করে এলাকাবাসী।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ইউএনও আশিকুর রহমান চৌধুরীকে চিকিৎসা দেওয়ার পর বিকেল ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার জন্য নিশ্চিন্তপুর গ্রামে একটি জায়গা দেখা হয়। বিএস রেকর্ডে জায়গাটি সরকারি খাস জমি হলেও আরএস রেকর্ডে ব্যক্তি মালিকানাধীন। স্থানীয় প্রশাসনের সঙ্গে এ নিয়ে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এলাকার কয়েকজন নারী ওই জমির মালিকানা দাবি করে আশ্রয়ণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন করেন। খবর পেয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরী আনসার সদস্যদের নিয়ে সেখানে যান।

পরে নারীদের কাছ থেকে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেন আনসার সদস্যরা। এ সময় নারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আনসার সদস্যদের। এ সময় রাইফেলের বাট দিয়ে কয়েকজন নারীকে আঘাত করেন আনসার সদস্যরা। একপর্যায়ে এক নারী আহত হন। পরে নারীরা ক্ষুব্ধ হয়ে গাছের ডাল ভেঙে আনসার সদস্যদের ওপর হামলা চালান। এ সময় স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ইউএনও ও আনসার সদস্যদের ওপর হামলা করে।

ওই সময় আনসার সদস্যরা শর্টগানের তিন-চারটি গুলি ছোড়েন। ক্ষুব্ধ এলাকাবাসী ইউএনওর গাড়ি ভাঙচুর করে। পরে মধুখালী থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ইউএনওর বাম চোখে আঘাত লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেলাই দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। পুলিশ সুপার মো. শাজাহান ঘটনাস্থলে গিয়েছেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ঘটনাস্থলে আসেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com