কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে (৫১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে উপজেলা খাড়েরা ইউনিয়নের দারোগা বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান নেতাকর্মীরা।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, গোপন সংবাদে দারোগাবাড়ীর শরীফুল হককে তল্লাশি করে একটি শুটার গান পাওয়া যায়। অবৈধ অস্ত্র রাখা এবং আগের একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মদ খান জানান, আগামী ৬ মে উপজেলা বিএনপি কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দুপুরে উপজেলা বিএনপির সভা কেন্দ্র দেলী পাতাইসার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে বাড়িতে চলে যান তিনি। শরীফুল হক স্বপন ও অন্য কয়েকজন নেতাকর্মী দেলী বাজারে একটি চায়ের দোকানে বসেন। এ সময় সাদা পোশাকধারী একদল পুলিশ গিয়ে শরীফুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর কাছে অস্ত্র পাওয়ার বিষয়টি জানা নেই তাঁর।

