ডেস্ক নিউজ
আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে। এ জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের বিষয়টি জনগণের সামনে তুলে ধরে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আজিমপুর সরকারি কলোনী মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৩টি ওয়ার্ডের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
লালবাগ থানার ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড; চকবাজার থানার ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড, বংশাল থানার ৩২, ৩২ ও ৩৫ নং ওয়ার্ড এবং কোতয়ালী থানার ৩৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন হয়।
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘সামনের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের সব সেক্টরে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে এই উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। তাদের কাছে ভোট চাইতে হবে। আরেকবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবে।’
দেশ পরিচালনায় শেখ হাসিনার সরকার বারবার দরকার মন্তব্য করে তিনি বলেন, ‘কোভিড সময়ে বিশ্বের বড় বড় উন্নত রাষ্ট্র হিমশিম খেলেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড মোকাবিলায় সাফল্য দেখিয়েছে। যেখানে অনেক দেশ টিকা পায়নি, সেখানে বাংলাদেশের জনগণের জন্য তিনি বিনা পয়সায় টিকার ব্যবস্থা করেছেন তিনি। যতোদিন তার হাতে দেশ থাকবে, ততোদিন বাংলাদেশ পথ হারাবে না।’
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দায়ও বাংলাদেশ তুলনামুলক ভালো আছে মন্তব্য করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেশি। এটিও কাটিয়ে উঠতে শেখ হাসিনার সরকার কাজ করছে।’
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল, সারাবিশ্ব প্রশংসা করছে; তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি-জামাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। দুর্নীতির মামলায় তাদের দুই প্রধান নেতা খালেদা জিয়া আর তারেক রহমান সাজাপ্রাপ্ত। তারা দেশের প্রচলিত আইনে নির্বাচন করতে পারবেন না। এজন্য বিএনপি নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু করেছে।’
স্বেচ্ছাসেবক লীগ নগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। উপস্থিতি ছিলেন ঢাকা ৭ এলাকার সাংসদ হাজী মো. সেলিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহ সভাপতি কাজী মো. শহীদুল্লাহ লিটন, দেবাশীষ বিশ্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য নজরুল ইসলাম মহসিন, যুগ্ম-সাধারণ মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।












