• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জোবায়দা রহমানের দুর্নীতি মামলা চলবে: আদালত

প্রকাশ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ৭:৫১
আপডেট: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ৭:৫১

9365 2

জোবায়দা রহমানের দুর্নীতি মামলা চলবে: আদালত

স্টাফ করেসপন্ডেন্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ৭ এপ্রিল লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শেষে আপিল বিভাগ ১৩ এপ্রিলে দিন রাখেন। আজ আদেশে আদালত বলেন, আবেদনটি (পিটিশন ইজ ডিসমিসড) খারিজ করা হলো।

আদালতে জোবায়দা রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মো. রুহুল কুদ্দুস।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আবেদনটি খারিজ হওয়ায় জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই। মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

আইনজীবী সূত্র বলেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন।

চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ করে রায় দেন। ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com