• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার তফসিল ঘোষণা করতে পারবে না: মান্না

প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১১:১৩
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১১:১৩

00177DA8 7A1A 4B4C BFF1 EC75CDF1E9EE

সরকার তফসিল ঘোষণা করতে পারবে না: মান্না


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমার মনে হয় না সরকার নির্বাচন পর্যন্ত যেতে পারবে। আমার মনে হয় না, সরকার তফসিল ঘোষণা করতে পারবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘একতরফা নির্বাচনের পায়তারা, সম্ভাব্য বিপর্যয় ও জনগণের করণীয়’- শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘আমার মনে হয় না সরকার নির্বাচন পর্যন্ত যেতে পারবে। আমার মনে হয় না, সরকার তফসিল ঘোষণা করতে পারবে। আমরা লড়াই ছাড়বো না। এখানে কোনো আপসকামীতার সুযোগ নেই। পূজার পরে আমরা ভালোভাবে আসবো, এমন ভালভাবে আসবো যেটা সরকারের জন্য খারাপ হবে।’

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফরে কোনো প্রাপ্তি নেই জানিয়ে মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী, সরকার, ওবায়দুল কাদেরের করার কিছু আছে বলে দেখছি না। করার থাকলে ৫ দিন ওয়াশিংটনে গিয়ে বসে থাকেন? তিনি সেখানে কি করছে কেউ জানে না। পরে জানলাম চিফ অফিসিয়ালের সঙ্গে দেখা করেছেন। তিনি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি দেখেন। তার কাছে আপনার তদবির করতে হয়? এই সরকারের কি অবস্থা আমরা বুঝতে পারি না?’

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘খালেদা জিয়ার শারিরীক অবস্থা অত্যন্ত খারাপ। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার তাকে মুক্তি দিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না। তার কোনো খারাপ পরিণতি হলে এর দায় সরকারকেই নিতে হবে। এর ফলে দেশে একটি গৃহযুদ্ধের সম্ভাবনাও তৈরি হতে পারে।’

সাইফুল হক বলেন, ‘বেগম জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে তার দায় আওয়ামী লীগ কোনোভাবে এড়াতে পারবে না। এ বিষয়ে তাদের পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা তারা না করলে প্রতিহিংসার রাজনীতির দেওয়াল আরও বাড়তে থাকবে। ফলে একটি গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধী দলকে মোকাবিলা করতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই, তারা আছে মানুষ যেটা খায়। তাদের নৈতিক, রাজনৈতিক পরাজয় হয়েছে। দল হিসেবে তাদের যে মৃত্যু ঘটেছে তার জন্য ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রীর গত তিনমাসের কথায় স্পষ্ট।’

সরকার এখন তাদের অধীনে নির্বাচন হবে এটাও জোর গলায় বলতে পারছে না জানিয়ে সাইফুল হক বলেন, ‘বিদেশ সফর শেষে দেশে এসে তলে তলে আপসের ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বলেননি। সংবাদ সম্মেলনে তার যে রাগ ক্ষোভ অভিমান প্রকাশ পেয়েছে তাতে এই সফর যে কোনো কাজে লাগেনি সেটা বোঝা গেছে। তাদের অধীনে আগামী নির্বাচন হবে সেটাও জোর দিয়ে তারা আর বলতে পারছে না।’

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘তফসিল ঘোষণার পায়তারা থেকে বের হয়ে সংসদের শেষ অধিবেশনে নির্দলীয় সরকারের বিধান করে সম্মানে বিদায় নিতে পারেন। সব কিছু উপেক্ষা করে যদি একতরফা নির্বাচনের পথে যান তাহলে বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামবে।’

সাকি বলেন, ‘রিজার্ভ, র‍্যামিটেন্স কমছে, পাচার বাড়ছে, সাধারণ মানুষের উপর ভয়ঙ্কর চাপ নেমে আসছে, মূল্যস্ফীতি বাড়ছে। অর্থনৈতিক বিপর্যয় হলে সবক্ষেত্রেই বিপর্যয় নেমে আসবে। এই সরকার যেহেতু ইতিবাচক পথে হাটবে না তাই জনগণকে সংগ্রাম করেই এগুতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com