নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুলের পকেট গরম। লন্ডনের টাকায় গরম গরম বক্তব্য দিচ্ছে ফখরুল। টাকার গরমে বিএনপি ক্যাডার পাল নাশকতা করলে খবর আছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিআরটিএ সদর কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ফখরুল আওয়ামী লীগকে কি শেষ বার্তা দিতে চান? ক্ষমতা থেকে নাকি দুনিয়া থেকে চলে যাওয়া? প্রশ্ন রাখেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘কিসের শেষ বার্তা ১৫ বছর চলে গেছে তাদের মরা গাঙ্গে জোয়ার নেই। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় ফিরে আসবে বিএনপির শেষ বার্তা দিয়ে কোন কাজ হবে না। বার্তা আলটিমেটাম যাই দেয়া হোক সংবিধান থেকে এক চুল ও লড়বে না আওয়ামী লীগ।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ এর খুনিদের সাথেই রাজনীতি করতে হয়, সেটাই আওয়ামী লীগের দুর্ভাগ্য। এদেশের খুনের রাজনীতি শুরু করেছে জিয়া। ১৫ আগস্টের উদ্যোক্তা জিয়া আর ২১ আগস্টের উদ্যোক্তা খালেদা-তারেক।’
খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুলের কোনো আন্দোলনের নজির এ পর্যন্ত নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নাই। তিনি নির্বাহী ক্ষমতা বলে বাসায় থেকে খালেদা জিয়াকে চিকিৎসা নেয়ার সুযোগ দিয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণ ও সংবিধানের উপর নির্ভরশীল। বাংলাদেশের মানুষ যতদিন শেখ হাসিনার সাথে রয়েছে ততদিন কোনো বার্তা বা আল্টিমেটামে কোনো লাভ হবে না।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার সবকিছু আওয়ামী লীগ করবে। দেশি বিদেশীদের পরামর্শ নেয়া হবে কিন্তু সংবিধানের বাইরে নির্বাচন নয়। সুষ্ঠু নির্বাচন করে আওয়ামী লীগ পুরো পৃথিবীকে দেখিয়ে দেবে গণতন্ত্রের আদর্শই বাংলাদেশ।’













