• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

রিজভীসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৭:৫০
আপডেট: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৭:৫০

রিজভীসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ জাহানারা ফেরদৌসের আদালতে প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।

এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু, আলফাজ ওরফে আব্বাস ও রফিক।

২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানাধীন এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ককটেল বোমাসহ মিছিল করে। এ সময় পুলিশ বাসে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশ কনস্টেবল শামীম মারা যান। ঘটনার পরদিন ১৮ জানুয়ারি উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জুলাই সিআইডির পুলিশ পরিদর্শক মো. আলী আক্কাছ আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ৩১ আগস্ট ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।