নিউজ ডেস্ক
লাখো নেতাকর্মী নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের বাধা উপেক্ষা করে সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন নয়াপল্টনে। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এ জনসমাবেশ করছে বিএনপি।
সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনের আশপাশে এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। সকাল ১১টার আগেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। পাঁচটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
সমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে ভিআইপি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদার করে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
জনসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় আছেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।
এর আগে, ঢাকার প্রত্যকটি প্রবেশমুখে তল্লাশি চৌকি বসায় পুলিশ। সকাল থেকেই চেকপোস্টগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রী ও চালকেরা কে, কোথায় যাচ্ছেন তা জানতে চান। বাসে যাত্রীদের ব্যাগ, ব্যক্তিগত গাড়ির ভেতরে ও পেছনে ব্যাকডালা তল্লাশি করা হচ্ছে। দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।













