বিনোদন ডেস্ক
পূজা চেরি। গেল বছর ‘জ্বীন’ একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর। এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু সিনেমা। নতুন বছরে নতুন কাজের পরিকল্পনা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে–
প্রশ্ন: গতবছর একটিমাত্র সিনেমা মুক্তি পেয়েছে। এ বছর কতটি ছবি মুক্তি পাবে বলে পরিকল্পনা আঁটছেন?
উত্তর: গত বছর আমার অভিনীত ‘জ্বীন’ ছবিটি মুক্তি পায় এবং হিটও হয়। তবে ছবিটি কিন্তু অনেক আগের শুটিং করা। বারবার মুক্তি পিছিয়ে গত বছর মুক্তি পায়। ভালো লাগছে অনেক আগের শুটিং করা থাকলেও ভৌতিক ছবি হওয়ায় দর্শকরা ছবিটি গ্রহণ করেন। এ বছর কয়টি ছবি মুক্তি পাবে সেটা তো আমার হাতে নেই। এটা তো প্রযোজক-পরিচালকরা বলতে পারবেন। আমার কাজ তো কেবল অভিনয় করা। সেই অভিনীত সিনেমাগুলো কবে মুক্তি পাবে, সেটা একান্তই প্রযোজক-পরিচালকরা বলতে পারবেন। তবে আমি যেভাবে অভিনয় করে যাচ্ছি, এ বছরও সেভাবেই অভিনয় করে যাব।
প্রশ্ন:আপনি অভিনয় করেছেন, মুক্তির অপেক্ষায় কয়টি ছবি রয়েছে?
উত্তর: ‘নাকফুল’ নামে একটি সিনেমা পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। গত বছর মুক্তিরও কথা ছিল, পায়নি। এ বছর পাবে কিনা আমি বলতে পারছি না। ‘লিপস্টিক’ নামে আরও একটি সিনেমা শেষ। এ বছর মুক্তি পেতে পারে। বাকিটা পরিচালক বলতে পারবেন। ‘মাসুদ রানা’ নামে একটি সিনেমার শুটিং শেষ পর্যায়ে। এ বছর ‘দরদিয়া’ নামে আরও একটি সিনেমার শুটিং শুরু করব শিগগিরই। এ ছাড়ানতুন কিছু কাজ শুরুর কথা ছিল। সামনে নির্বাচন বলে সেগুলো পেছানো হয়েছে। নির্বাচনের পর শুরু হবে।
প্রশ্ন: ‘মাসুদরানা’সিনেমাটি প্রায় শেষের পথে বলছেন। সেটার শুটিং বন্ধ রয়েছে কেন?
উত্তর: হ্যাঁ,শেষের পথেই। এই শেষের পথে এসেই আটকে রয়েছে। বাকিটুকু কবে শেষ হবে, এটা জাজ মাল্টিমিডিয়া ও পরিচালক সৈকত নাসির বলতে পারবেন। তবে ছবিটি দারুণ হয়েছে। এতে আমি সোহানা চরিত্রে অভিনয় করেছি।
প্রশ্ন: আপনার মুক্তির অপেক্ষায় থাকা তিনটি ছবির নায়ক আদর আজাদ। ‘দরদিয়া’ নামে যে ছবিটি শুরু করছেন এর নায়কও তিনি। তাঁর সঙ্গে একের পর এক সিনেমা করার কারণ কী?
উত্তর: কোনো কারণ নেই। আমাদের অভিনীত কোনো ছবিই এখনও মুক্তি পায়নি। প্রথম ছবিটি করার সেই সেট থেকেই দ্বিতীয় ছবির প্রস্তাব আসে। এভাবে পরপর কয়েকটি ছবিতে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। শুটিংও শেষ করেছি। এ চুক্তিবদ্ধ হওয়াটা কিন্তু গল্পের প্রয়োজনেই। এখন মুক্তির পর বুঝতে পারব দর্শকরা আমাদের কীভাবে নেয়। তবে আমি আশাবাদী। গল্পগুলো সুন্দর। দর্শকদের ভালো লাগবে।
প্রশ্ন: নতুনবছরের পরিকল্পনা কী?
উত্তর: সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। আমাকে সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকব। পাশাপাশি যুক্ত হবো নতুন কিছু ভালো ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।
প্রশ্ন: নতুন বছরে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে?
উত্তর: আমি আগেও বলেছি, এখনও বলছি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার মা-বাবা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমার কোনো পরিকল্পনা নেই।
প্রশ্ন: আপনি নাকি বিয়ের পর অভিনয় থেকে বিদায় নেবেন?
উত্তর: অনেকবার বলেছি, সংসারও অভিনয় একসঙ্গে করা আমার কঠিন হয়ে উঠবে। তাই আমি যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে আর দেখা যাবে না। সংসারজীবনে মনোযোগী হবো।













