• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে এমপি হতে নারী নেত্রীদের দৌড়ঝাঁপ

প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ১২:৪৯
আপডেট: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ১২:৪৯

সিলেটে এমপি হতে নারী নেত্রীদের দৌড়ঝাঁপ

সিলেট থেকে

এমপি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সিলেট আওয়ামী লীগের নেত্রীরা। জোরেশোরেও চালাচ্ছেন লবিং। তাদের এই লবিংয়ে আবার চাঙ্গা সিলেট আওয়ামী লীগের রাজনীতি। তবে এবার বঞ্চিতরা আশায় পথ চেয়ে আছেন। তারা জানিয়েছেন; বিগত ১৫ বছরে অনেকেই অনেক কিছু পেয়েছেন। আবার অনেকে কিছুই পাননি। এ কারণে প্রধানমন্ত্রী এবার তাদের দিকে চোখ তুলে তাকাবেন বলে মনে করছেন তারা। নির্বাচন কমিশন জানিয়েছে; ফেব্রুয়ারিতেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করতে চায় কমিশন। এজন্য প্রস্তুতি শুরু করা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষণায় মহিলা এমপি হতে সিলেটে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

ইতিমধ্যে অন্তত ১৬ জন নারী এমপি হতে লবিং চালাচ্ছেন। এরমধ্যে সিলেট থেকে দু’জনের নাম শীর্ষে আছে। একজন হচ্ছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও অপরজন সিলেটের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান।
সিলেট জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন; এবার এই দু’জন থেকে একজন সিলেট জেলার কোটা থেকে এমপি হতে পারেন। এ বিষয়টি নিয়ে সিলেটের নেতারাও নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। আর এই আলোচনার কারণ হচ্ছে; গত সংসদে সিলেট জেলা থেকে সংরক্ষিত মহিলা আসনে কেউ এমপি হননি। ফলে এবার সিলেট থেকে কেউ এমপি হতে পারেন। এ নিয়ে দাবিও জোরালো ভাবে উপস্থাপন করা হচ্ছে। সৈয়দা জেবুন্নেছা হক দু’বারের সাবেক এমপি। তার অবদান রয়েছে দলে। এ কারণে তাকে বার বারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করছেন। এবার তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। সিলেটে দলের শীর্ষ নেতা বলতে এখন তিনিই। সিলেট সম্পর্কিত নানা পরামর্শ প্রধানমন্ত্রী তার কাছ থেকে নেন বলে জানিয়েছেন দলের নেতারা। এ কারণে শেষ বয়সে এসে সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে ডাক পেতে পারেন সৈয়দা জেবুন্নেছা হক- এমনটি জানিয়েছেন দলের নেতারা।

তারা জানিয়েছেন- সিলেটের প্রয়াত মেয়র ও জননেতা বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান এমপি হতে লবিং চালিয়ে যাচ্ছেন। জীবদ্দশায় কামরানও স্ত্রীর জন্য লবিং করেছেন। কিন্তু আসমা কামরানের ভাগ্য সুপ্রসন্ন হয়নি। তবে; এবার কামরান পরিবারের প্রতি আওয়ামী লীগের সহানুভূতি দীর্ঘদিন ধরে। সিলেট আওয়ামী লীগের অনেক নেতা কামরান পরিবার থেকে এমপি চাইছেন। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন- সিলেট বিভাগে চার জেলা থেকে দীর্ঘদিন ধরে দু’জন সংসদ-সদস্য সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে আসছেন। সংরক্ষিত আসন ৩০টি থেকে ৫০-এ উন্নীত হলেও এ বিভাগের আসন সংখ্যা বাড়েনি। এজন্য এবার সিলেট বিভাগ থেকে সংরক্ষিত আসনে ৩ জন এমপি দেয়ার দাবি উঠেছে। বিষয়টি সংসদ নেত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ওপর নির্ভরশীল। এদিকে- সিলেট বিভাগে দু’টি সংরক্ষিত আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন সুনামগঞ্জের শামীম খানম ও মৌলভীবাজারের জোহরা আলাউদ্দিন। তারা বিতর্কহীনভাবে কাজ করে গেছেন। নতুন করে মহিলা আসনে তারাও রয়েছেন আলোচনায়। নেতাদের মতে; এবার সিলেট ও হবিগঞ্জ থেকে সংরক্ষিত আসনে এমপি হতে পারেন। প্রায় সময় এভাবেই বণ্টন হয়ে থাকে আসন। ফলে সিলেট ও হবিগঞ্জের নারী নেত্রীদের এমপি হওয়ার সুযোগ বেশি। অপর দুই জেলা থেকেও এমপি হওয়ার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না।

এবার সংরক্ষিত আসনে এমপি হতে আরও লবিং চালাচ্ছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, মহিলা আওয়ামী লীগের আইন সম্পাদক ব্যারিস্টার সীমা করিম, কেন্দ্রীয় সদস্য (সিলেট-সুনামগঞ্জ) সাবিনা সুলতানা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশান জেবীন রুবা, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদের স্ত্রী মুমতাহিনা রীতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ-সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), সহ-সভাপতি এডভোকেট রীপা সিংহা ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন, মহসিন আলী ও সায়রা দম্পতির মেয়ে যুবলীগের নেত্রী সৈয়দা সানজিদা মহসীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com