নিউজ ডেস্ক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর পাঠানটুলায় স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৭টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (২৩ জানুয়ারি) রাতে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছানোর আগেই সংঘর্ষকারীরা স্থান ত্যাগ করে। সংঘর্ষে বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী আহত হন। তাদের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঠানটুলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে।
এসএমপি’র উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

