• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হামলা করে আন্দোলন দমানো যাবে না : গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০২
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০২

 

জনতার আওয়াজ ডেস্ক
বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তারা।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ঢাকার খামারবাড়িতে নাগরিক ঐক্যের উদ্যোগে চলমান ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে আকস্মিকভাবে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর ছাত্রলীগ হামলা করে। তারা টেবিল-চেয়ার ভাঙচুর করে; কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার ইত্যাদি নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে ঘিরে ধরে মারধর করে। এক পর্যায়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান সবুজ তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ১৫-২০ জন ক্যাডার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে আটকে পুনরায় বেধড়ক মারধর করে। অথচ পাশেই পুলিশ অবস্থান করলেও তারা এ সময় নীরব ছিল। সাকিব আনোয়ার এতে গুরুতর আহত হন।

বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, হামলা করে, ভয় ও ত্রাস সৃষ্টি করে ভোটাধিকার ও গণতন্ত্রের আন্দোলন দমন করা যাবে না। সরকার জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে। তাদের জনসমর্থন নেই- এটা তারা স্পষ্ট করেই জানে। সে কারণে কালো পতাকা মিছিল কিংবা গণস্বাক্ষরের মতো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা বাধা দিচ্ছে, হামলা করছে। আসলে সরকার নিজেই ভীত, তাই জনগণের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করেই তারা শাসন ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব করে শেষ রক্ষা হবে না। গণআন্দোলন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ এই সরকারকে বিদায় করবে।

গণতন্ত্র মঞ্চের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ও হাবিবুর রহমান রিজু এই বিবৃতি দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম