• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে সিদ্ধান্ত আজ

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৪:০৯
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৪:০৯

974478

বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে সিদ্ধান্ত আজ

জনতার আওয়াজ ডেস্ক
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো ও বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত দেওয়া হবে। সোমবার (১৮ মার্চ) আইনমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।

বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের আবেদনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এবারের আবেদনেও তারা আগের মতোই স্থায়ী মুক্তি চেয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। ফাইলটা আমাকে আজকেই হস্তান্তর করা হয়েছে। আমাকে এটি বিবেচনা করতে হবে, পড়তে হবে, দেখতে হবে। তবে ফাইলটা অতিসত্বর নিষ্পত্তি করা হবে; মঙ্গলবার নাগাদ হয়ে যাবে, ইনশাল্লাহ।

আনিসুল হক বলেন, বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী যেই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে এর বাইরে আইনিভাবে আমাদের আর কিছু করার নেই। তার পরেও আমি দেখছি প্রথম যে চিঠি লেখা হয়েছিল, সেই আকারে একইভাবে আবার আবেদন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া ‍কিন্তু দুটি শর্তে (বিদেশে যেতে পারবে না ও ঢাকায় থেকে চিকিৎসা) মুক্ত। চলাফেরায় তার কিন্তু কোন অনুমতি নিতে হয় না। তাঁর মুক্তির মেয়াদ বাড়ানোর আইনি সুযোগ আছে। কিন্তু অন্য কিছু করার আইনি সুযোগ নেই।

বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার ছোট ভাই শামীম ইস্কান্দার ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। আবেদনে তাকে স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। পরে সেই আবেদনের বিষয়ে মতামত নিতে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে।

গত ১৩ মার্চ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে ১৪ মার্চ হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com