নড়াইল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আমাদের পছন্দের কোনো প্রার্থী নেই, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নড়াইল জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষে পুলিশ বাহিনী প্রস্তুত। কোনো দুর্বৃত্ত ভোটকেন্দ্রে অরাজকতা সৃষ্টি করতে আসলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনী সিদ্ধান্ত নিয়েছে আমাদের কোনো সদস্য রাবার বুলেট ছাড়া অন্য কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না। কারণ রাবার বুলেটে কারও মৃত্যুর ঝুঁকি নেই। কারও মৃত্যু আমাদের কাম্য নয়। আমরা ভোটকেন্দ্রে নিরাপত্তা দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষে কাজ করব। সবাইকে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নুর ই আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রশিদ লাবলুসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা।












