• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১:০১
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১:০১

9666658541

আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করেছেন কৃষকদলের এক নেতা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহরের খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু যশোরের একটি আদালতে এ মামলা করেন।

যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর।

মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। অভিযোগে বলা হয়, একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য কোকোর ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি পুরো জিয়া পরিবারের সম্মানকে আঘাত করেছে।

বাদী দাবি করেছেন, ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবার জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির শিকার হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর।

তিনি আরও উল্লেখ করেছেন, ১৭ জানুয়ারি বিএনপির যশোর লালদীঘির পাড়ের পার্টি অফিসে অবস্থানকালে অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখার পর গভীরভাবে হতবাক ও মর্মাহত হন বাদী।

আইনজীবী এমএ গফুর বলেন, ‘একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি।’

উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com