লালমনিরহাট প্রতিনিধি
ছবি সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি শুধু সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্যই নন, বরং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
লালমনিরহাট জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতে মোহাম্মদপুর এলাকা থেকে নাশকতা, খুনসহ একাধিক মামলার পলাতক আসামি রুমীকে গ্রেপ্তার করা হয়।
তিনি লালমনিরহাট সদরের তালুক খুটামারার (উকিলপাড়া) আব্দুল্লার স্ত্রী।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, আত্মগোপনে থাকায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানী থেকে সফুরা বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।












