আওয়ামী লীগ কি বলল সেটা নিয়ে বিএনপির মাথা ব্যাথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশের জনগণ।’
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের দেব্পাহারের পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা উপসংঘ-রাজ সত্যপ্রিয় মহাস্থবিরের জাতীয় অন্ত্যষ্টিক্রিয়া ও ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন,‘আমরা আমাদের কাজ করে যাচ্ছি, বাংলাদেশের মানুষকে মাথায় রেখে, মানুষের প্রত্যাশা,চাহিদা মাথায় রেখে এবং মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের রাজনীতি। গণতন্ত্র, মানবাধিকার,আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতার, জীবনের নিরাপত্তার পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করে যাচ্ছি। আর এর বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। তাদেরকে সরিয়ে আগামী দিনে যে জাতীয় সরকার গঠন হবে সে জাতীয় সরকার ২৭ দফা বাস্তবায়ন করবে।

‘বিএনপির ২৭ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। এটি রংধনুর মতো। এটি সব দল, ধর্ম, বর্ণ, ভাষা ও সব মত এক সঙ্গে মিলে একটি রংধনুর মতো সুন্দর হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. অধ্যাপক সুকোমল বড়ুয়া।












