ফেনী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
একটি দল ষড়যন্ত্র শুরু করেছে, আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘বিগত ১৫ বছর যেমন আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এখন আবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে। আপনাদের ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কাজ, ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজের জামাত আদায় করবেন। এ দেশের জনগণের সঠিক সিদ্ধান্তের উপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব।’
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিগত স্বৈরাচারীদের নিয়ে আলোচনা-সমালোচনা করলে জনগণের লাভ হবে না, সুতরাং যেভাবে জনগণের লাভ হয়, আমরা সেই কাজগুলো করব। ধানের শীষকে নির্বাচিত করে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। ধানের শীষ সরকার গঠন করতে পারলেই আমরা খালেদা জিয়া ও শহীদ জিয়ার কাঙ্খিত বাংলাদেশ গড়তে পারব, যাতে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’
তারেক রহমান বলেন, ‘ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর এলাকার মানুষের উপর বিএনপির একটা অধিকার আছে। খালেদা জিয়ার এলাকায় সন্তান ও মেয়েরা স্বাভাবিকভাবে ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। সবাই মিলে খালেদা জিয়ার সম্মান আসমানের উপর তুলে ধরবেন, ইনশাল্লাহ। আসুন আমরা ১২ তারিখে গণতন্ত্রকে পুরোপুরি প্রতিষ্ঠিত করি। নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে এলাকার সমস্যা সমাধান সম্ভব হবে। গত ১৫ বছর ধরে সারা দেশে কোনও সত্যিকারের প্রতিনিধি ছিল না, জনগণের প্রতিনিধি ছিল না। এজন্য দেশের এই অবস্থা, কিছু সংখ্যক মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু ৯৮ শতাংশ মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আপনার সহযোগিতা প্রয়োজন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা এলাকার মানুষের জন্য কাজগুলো শুরু করতে পারব। এ দেশে আমাদের প্রথম ঠিকানা আমাদের শেষ ঠিকানা হতে হবে, এজন্য আমাদের গত থাকতে হবে।’
তারেক রহমান বলেন, ‘সারাদেশের মানুষ সাক্ষী আছে, কীভাবে গত ১৫ বছর মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ একটি পরিবর্তনের সুযোগ এসেছে। সবার আগে বাংলাদেশ। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি, গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।’
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরের ১৩টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে তারেক রহমান প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।’
জনসভায় বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।












