যমজ শিশু জন্মের কথা মাঝে মধ্যে শোনা গেলেও তিন শিশু জন্মের কথা তেমন একটা শোনা যায় না। এবার ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া ইসলাম ওরফে এ্যামি নামের (৩০) এক গৃহবধূ।
সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।
গৃহবধূর স্বামী নাজমুল হাসান শহরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি বলেন, সদ্য জন্ম নেওয়া তিন শিশুর মধ্যে দুই পুত্র ও এক কন্যাসন্তান। নবজাতক তিন সন্তান ও তাদের মা সুস্থ আছেন। স্ত্রী আসিয়া ইসলাম ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
ওই প্রসূতি নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, আসিয়া ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মো. আজাদ শেখের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে কানাইপুরের মালাঙ্গা গ্রামের মো. নাজমুল হাসানের সঙ্গে তার বিয়ে হয়। সাত মাস আগে প্রথম আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে গর্ভে তিন সন্তানের কথা জানতে পারেন নাজমুল-আসিয়া দম্পতি। এরপর থেকেই ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক সুলতানা বেগমের তত্ত্বাবধানে ছিলেন।
চিকিৎসক সুলতানা বেগম বলেন, ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার ৯ মাস ১৪ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের মা হয়েছেন। ওই নারী ও তার তিন নবজাতক সুস্থ আছেন।












