ঝালকাঠি প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সমাজ থেকে মাদকের করাল গ্রাস নির্মূল ও তরুণ প্রজন্মকে রক্ষায় ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ। সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এই কর্মসূচি থেকে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঝালকাঠি শহরের ২ নম্বর ওয়ার্ডের ব্র্যাক মোড় সংলগ্ন মহাসড়কের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ বন্ধুজন’ ও ‘ডিওয়াইডিএফ’-এর সহযোগিতায় এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সাথে উল্লেখ করেন, মাদক একটি পরিবারকে তছনছ করে দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের এই ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার। তাই শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
একই সাথে সমাজ থেকে মাদক কারবারি ও সেবনকারীদের বয়কট করে জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়।
সাবেক সেনা কর্মকর্তা মো. ফারুক হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শফিউল আজম টুটুল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান খান।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিন্টু গাজী, সাংস্কৃতিক কর্মী কাজী মো. শফিকুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা গাজী মো. শাহ আলম।












