• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফাঁসিতে ঝুলছে মেছো বিড়াল

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১৪
আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:১৪

965985210 1

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফাঁসিতে ঝুলছে মেছো বিড়াল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ধান কাটার শ্রমিকের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দুয়ারা গ্রামের দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেছো বিড়ালটিকে প্রায়ই পশ্চিম বড়দুয়ারা গ্রামের দক্ষিণ বিলের বিভিন্ন জমিতে দেখা যেত। শুক্রবার দুপুরে কয়েকজন বহিরাগত শ্রমিক জমিতে কেটে রাখা ধানের আঁটি বেঁধে নিয়ে যাওয়ার সময় মেছো বিড়ালটিকে দেখতে পান। এরপর তারা সেটিকে ধাওয়া দিয়ে ধরে পিটিয়ে হত্যা করেন এবং পাশের একটি পুকুরপাড়ের আমগাছের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে দেন।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে মেছো বিড়ালটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে এমন আশঙ্কায় স্থানীয় শিশুরা সেটিকে কিছুটা দূরে ফেলে দেয়।

স্থানীয় যুবক মো. শাহেদ বলেন, ‘প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের এটি একটি ন্যাক্কারজনক উদাহরণ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি মেছো বিড়াল সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।’

বন বিভাগ সূত্রে জানা যায়, মেছো বিড়াল কৃষি অর্থনীতির বন্ধু। শুধু ইঁদুর খেয়ে, জলাভূমির অসুস্থ মাছ ও ক্ষতিকর কীটপতঙ্গ দমন করে ১০ বছরের জীবনে একটি মেছো বিড়াল প্রায় ৫০ লাখ টাকার ফসল রক্ষা করতে পারে। মেছো বিড়াল একটি নিরীহ ও বিপন্ন প্রাণী এবং এটি হত্যা দণ্ডনীয় অপরাধ।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া খবরের কাগজকে বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, বিলুপ্তপ্রায় মেছো বিড়াল সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সাল থেকে বন অধিদপ্তর সরকারিভাবে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বিশ্ব মেছো বিড়াল দিবস পালন করে আসছে। মেছো বিড়াল শান্ত ও লাজুক প্রকৃতির বন্যপ্রাণী। একসময় এটি দেশের সর্বত্র দেখা গেলেও বর্তমানে বিলুপ্তির পথে। সাধারণত বাঘের মতো দেখতে হওয়ায় একে ক্ষতিকর মনে করে হত্যা করা হয়। এ প্রবণতা রোধ এবং প্রাণীটিকে প্রকৃতির বন্ধু হিসেবে তুলে ধরতেই দিবসটি পালন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com