বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ।
লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৪১। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২১০ এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।
ঠাকুরগাঁও-৩ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম)।












