গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।
ইতোমধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কয়েকজন নেতাকর্মী নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে। এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে আমি লোকমুখে বিষয়টি শুনেছি। বিষয়টির খোঁজ খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৮ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।












