জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রাজনৈতিক সংগঠন নতুন ধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার (৫ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- সংগঠনটির ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরী সরকার।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার মোমিন মেহেদী, শান্তা ফারজানাসহ ওই ছয়জনের বিরুদ্ধে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা উসকানিমূলক স্লোগান ও মিছিল করতে থাকেন। এ সময় বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন এর প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর হামলা চালান। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে শান্তা ফারজানা জানান, সন্ধ্যায় তারা প্রেসক্লাবের সামনে মশাল মিছিল ও প্রতিবাদ মিছিল করেন। এ সময়ে বক্তব্য চলাকালে হঠাৎ আয়াসের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। এতে তাদের চেয়ারম্যানসহ ছয়জন রক্তাক্ত আহত হন। পরে তারা ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা চালায়। দফায় দফায় তারা হামলা চালায়। তিনি বলেন, আমরা কয়েকজন নেতাকর্মী গুরুতর রক্তাক্ত এবং আমার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে।
ফারজানা অভিযোগ করেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে মশাল মিছিল নিয়ে প্রতিবাদ করছিলাম। তারা প্রেসক্লাবে এসে আমাদের ওপরে হামলা চালায়। আবার যখন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি, তখনো তারা আমাদের ওপরে হামলা চালিয়েছে।
জানা যায়, শান্তা ফারজানা জুলাই বিপ্লবকে একটি ‘ষড়যন্ত্র’ এবং ‘বাটপারি’ হিসেবে উল্লেখ করায় ছাত্রসমাজ ও জুলাইযোদ্ধাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের সরাসরি প্রতিবাদ জানাতে এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে শনিবার (১ আগস্ট) আ ন ম আয়াসের নেতৃত্বে একদল জুলাইযোদ্ধা নতুনধারা বাংলাদেশের কার্যালয়ে যান। সেখানে বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও চড় মারার ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, তর্কাতর্কির একপর্যায়ে আ ন ম আয়াস ক্ষুব্ধ হয়ে শান্তা ফারজানাকে লক্ষ্য করে একটি তীব্র চড় (থাাপ্পড়) মারেন, যার আঘাতে তিনি সিঁড়িতে পড়ে যান। এরপর তারা নতুনধারা বাংলাদেশের কার্যালয় ভাঙচুর করে এবং সেখানে তালা ঝুলিয়ে দেয়।












