এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর পূর্তি উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। মঙ্গলবার (৩ মাচ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের ৬ মার্চ নিষ্ঠুরভাবে হত্যা করা হয় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে। দীর্ঘ ১৩ বছরেও আদালতে অভিযোপত্র জমা দিয়ে এ হত্যার বিচার শুরু করা হয় নাই। ইতিমধ্যে তিনটি সরকারের বদল হয়েছে। ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ও ঢাকায় তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী আগামী ৬ মার্চ সকাল সাড়ে নয়টায় ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একদিন পর ৮ মার্চ সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি রাখা হয়েছে। এরপর ১৪ মার্চ দুপুর আড়াইটায় রাজধানীর শেরে-বাংলা নগর এলাকায় সংসদ ভবনের সামনে কথা, গান, নাটক ও চিত্রাঙ্কনের মাধ্যমে ত্বকী সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকালে নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন ১৭ বছর বয়সী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যাকাণ্ডে প্রভাবশালী শামীম ওসমান পরিবারের সদস্যরা জড়িত বলে অভিযোগ করে আসছেন নিহতের পরিবার। তবে, দীর্ঘ ১৩ বছরেও এই হত্যা মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যা ব।













