এম এনাম হোসেন, রাউজান (চট্টগ্রাম)
ছবিঃ প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।
২০ জুন (শনিবার) দুপুরে রাউজান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “রাউজানে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। জনগণের জানমাল রক্ষা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে আরও তৎপর ও দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।”
বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, সদস্য সচিব ফিরোজ আহমদ এবং রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু।
এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফি চেয়ারম্যান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কৃষি ও অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের ভূমিকা আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান।
সভা শেষে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।












