• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নৌকা নয়, ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছি : জাহাঙ্গীর আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:১৫

9666363 3

নৌকা নয়, ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছি : জাহাঙ্গীর আলম

নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধার জায়গা। বাংলাদেশ আওয়ামী লীগও আমার শ্রদ্ধার জায়গা এবং নৌকাও আমার একটা শ্রদ্ধার জায়গা। কিন্তু আমি নির্বাচনে দাঁড়িয়েছি ব্যক্তির বিরুদ্ধে, যে ব্যক্তি এই শহরকে (গাজীপুর) ধ্বংস করে দিয়েছে। আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমার মা-ও সেই কথাটাই বলেছেন। বলেছেন, ‘বাবা, এই শহর রক্ষা করার জন্য যা যা করা দরকার করো।’

তবে ওই ব্যক্তির নাম বলেননি জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এখানে কথা বলছি না। যেহেতু আমি মনোনয়ন জমা দিয়েছি, আমি বলছি, যারা ভালো লোক তাদের ভোট দেওয়া ভালো, আর যারা খারাপ লোক, তাদের ভোট না দেওয়া ভালো।’

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুর সাড়ে ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী আজমত উল্লা খান। বেলা তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মা জায়েদা খাতুন ও নিজের নামে কেনা মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম।

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন কি না, এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর বলেন, ‘এখন কেউ যদি আমাকে সরিয়ে দেয়, তাহলে তো আমার কিছু বলার নাই। আমি আমার শহর রক্ষা করতে চাই। এই শহরের মানুষ আমাকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন। আমি এই শহরের মানুষের কাছে পরীক্ষা দিতে চাই। আমি দেখাতে চাই, আমি রাইট (সঠিক) করেছি না কি রং (ভুল) করেছি। আমি শেষ পর্যন্ত মাঠে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।’

আজ সকাল থেকেই গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com