নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজ ছাত্রী (১৭)কে অপহরণের অভিযোগে কাজল (২৬) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত কলেজ ছাত্রীকে।
বুধবার (২৪ আগস্ট) রাতে ফতুল্লার দেওভোগ এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারসহ গ্রেফতার করা হয় কাজলকে।
গ্রেফতারকৃত কাজল ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ ভুইয়ার বাগের মৃত নিরঞ্জন দাসের পুত্র।
এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণের অভিযোগ এনে কাজলসহ সদর থানার উকিল পাড়া মন্দির সংলগ্ন সুশীল দাসকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে গ্রেফতারকৃত কাজলের স্বজনদের দাবী, অপহরণ নয় ভালবাসার টানে তারা ঘর ছেড়েছিলো। তারা একে অপরকে গভীর ভাবে ভালবাসতো। আইনি বেড়াজালে কাজল অপহরণ মামলার আসামী হলো।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর ১৭ বয়সী নারায়নগঞ্জ কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। কলেজে যাতায়াতের পথে প্রায় সময় বাদীর মেয়েকে উত্যক্ত করতো কাজল। এমনকি ৭-৮ মাস পূর্বে প্রেম নিবেদন ও করে কাজল। বিষয়টি বাদীর মেয়ে তার পরিবারকে জানায়। এতে করে বাদীসহ তার স্ত্রী কাজলের অভিভাবক হিসেবে পরিচিত সুশীল দাস সহ পরিবারের অপর সদস্যদের অবগত করে। চলতি মাসের ২২ তারিখ সকাল ৮ টার দিকে কলেজে যাওয়ার জন্য বাদীর মেয়ে তার কাশিপুর হাজীপাড়ার বাসা থেকে বের হয়। যথা সময়ে বাসায় ফিরে না আসায় বাদী তার মেয়ের মোবাইল ফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরে তারা খুঁজতে বের হয়ে জানতে পারে বাসা থেকে বের হয়ে রাস্তায় যাওয়া মাত্র বাদীর মেয়েকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে অপহরন করে নিয়ে গেছে কাজল।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানায়,মামলা দায়েরের পর বুধবার রাতে দওভোগ এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার সহ কাজলকে গ্রেফতার করা হয়েছে।












