বরিশালে ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল (দক্ষিণ)। নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে বুধবার দুপুরে সভা শেষে সাধারণ জনতার মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও এইচএম তসলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা দেন সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামিম, সহসভাপতি সালাউদ্দিন নাহিদ ও নুরুল আমিন কয়েস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ, উলফৎ রানা রুবেল, রফিকুল ইসলাম রফিক ও আশরাফুল ইসলাম মাহফুজ।
বক্তারা বলেন, এই অগণতান্ত্রিক সরকারের আমলে দেশের মানুষ ভালো নেই। নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। আয় বৃদ্ধি না হওয়ায় তারা মৌলিক চাহিদা মেটাতে পারছে না। তাই জনগণের দুর্দশা লাঘবে অবিলম্বে এ সরকারের পতন দরকার। সরকার পতনের আন্দোলনে গণজোয়ার সৃষ্টিতে ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ ডাকা হয়েছে। সেই গণসমাবেশ সফল করতে সব বাধা অতিক্রম করে সমাবেশে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি।












